ময়মনসিংহের চরপাড়া মোড়, গাঙ্গিনারপাড়, নতুনবাজার, সানকিপাড়া, বাউন্ডারি রোডসহ শহরের প্রায় প্রতিটি এলাকায় অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। পানি নিষ্কাশনের জন্য কোটি টাকা ব্যয়ে বড় বড় ড্রেন নির্মাণ করা হলেও নিয়মিত পরিষ্কার না করার ফলে ভরে যাচ্ছে ড্রেনগুলো।
আবার অনেক এলাকায় নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি ঢুকে পড়ছে দোকানপাটসহ ঘরবাড়িতে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের।
তাই পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ছে ময়মনসিংহ পৌরসভায় বসবাসরত প্রায় ৫ লক্ষাধিক মানুষ।
ড্রেন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থ অপচয়, নিম্নমান ও অপরিকল্পিত নির্মাণকে দায়ী করলেন নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ।
নাগরিক নেতৃবৃন্দ বলছেন, নিম্নমানের ও অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
শহরের জলবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এ প্রত্যাশা পৌরবাসীর।
আর্থিক সঙ্কট ও শহরের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই জলাবদ্ধতা দূর করা যাচ্ছে না জানিয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।
তিনি বলেন, আর্থিক সংকটের কারণে ড্রেন নির্মাণ ও শহরের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দূর করা সম্ভব হচ্ছে না।