বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রসেনা নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামালউদ্দিন রব্বানি এ ঘোষণা দেন।
২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এছাড়াও বেলা ৩টার দিকে ফারুকীর হত্যাকাণ্ডের ঘটনায় আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এছাড়া হত্যাণ্ডের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা। ৬ দিনের প্রতিবাদ কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাত জামাত।
এদিকে, সকালে ফারুকীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। মুরাদপুর মোড় এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী ও তাঁর অনুসারীরা এ কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এলাকায় অবস্থান করেন।
এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধক ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
প্রসঙ্গত, গতকাল রাজধানীতে নিজ বাসায় রাত ৮টা বা সোয়া ৮টার দিকে অজ্ঞাত পরিচয় ৫/৬ জন দুর্বৃত্ত তার বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ফারুকীকে বেঁধে গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।