পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। এতে বগুড়া, কুড়িগ্রাম, মাদারীপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও জামালপুরসহ বেশ কয়েকটি জেলায় প্লাবিত হয়েছে নতুন এলাকা।
মধ্যরাতে যমুনার বাঁধ ভেঙে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ এলাকা। অব্যাহত বৃষ্টিতে জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
মাদারগঞ্জে নাদাগারি বেরিবাধ ভেঙে শুক্রবার নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সারিয়াকান্দি ও কাজিপুর সংযোগ সড়ক।
যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়ে বাহাদুরা পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে লালমনিরহাট ও মুন্সীগঞ্জে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ঢাকা খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের দুইশ ত্রিশ মিটার এলাকা।