বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারী নবাবগঞ্জ গ্রামের গোরস্থানে শনিবার সকাল মাওলানা নুরুল ইসলাম ফারুকীর দাফন সম্পন্ন করা হয়েছে।
দাফন সম্পন্ন করার আগে মরহুমের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আহমেদ রেজা ফারুকী জানাজার নামাজ পড়ান।
এ সময় পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ফারুকীর ভাই আব্দুর রউফ, ভাই মোঃ আব্দুল্লাহ ও মোঃ মাসুম, ছেলে মাসুম বিন নূর, আহমেদ ফয়সাল ফারুকী, বড়শশী ইউপি চেয়ারম্যান রিয়াজুল করিম প্রধান খোকা, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়ালসহ হাজার হাজার মুসল্লী নামাজে জানাজায় অংশ নেন।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ আশপাশের জেলার শত শত মুসল্লি ফারুকীর মরদেহ দেখার জন্য ভীড় করেন।
এর আগে লাশবাহী গাড়িটি সকাল থেকে নাউতারী নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা ছিল। সেখানে লাইন ধরে মুসল্লিরা তার মরদেহ দেখেন।
এদিকে, ভোর ৩টা ৫৫ মিনিটে লাশবাহী গাড়িতে তার মরদেহ গ্রামের বাড়ি নাউতারী নবাবগঞ্জ গ্রামে আসে। এ সময় তার গ্রামের বাড়িতে কান্নার রোল পড়ে।