ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবির কুমার ঘোষকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল পরিচালনা পর্ষদ। মঙ্গলবার একই সঙ্গে বিষয়টি তদন্তর জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই প্রতিষ্ঠানের ছাত্রীরা জানায়, তাদের সহকারী প্রধান শিক্ষক বিভিন্ন সময় তাদের সহপাঠিদের শ্লীলতাহানি করে থাকে। সম্প্রতি বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় উত্ত্যক্ত করে। লোকলজ্জার ভয়ে ছাত্রীটি ও তার পরিবার মুখ খুলতে পারছেন না।
বিষয়টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকায় জানাজানি হলে একপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে চাইলে কর্তৃপক্ষ বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে রাখে।
সোমবার এ সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার বিদ্যালয়ে যান এবং পরিবেশ স্বাভাবিক করেন।
এ সময় শিক্ষার্থীদের কাছে প্রকৃত ঘটনা অবহিত হওয়ার পর তিনি পরিচালনা পর্ষদকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মঙ্গলবার সকালে পরিচালনা পর্ষদের জরুরি সভায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষকে সাময়িকভাবে বরখাস্ত ও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন কর হয়েছে।