নাটোরের বড়াইগ্রামে আরজিনা খাতুন নামে ৭ মাসের এক অন্তঃস্বত্তা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দেশ টিভিকে বলেন, উপজেলার কায়েমকোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর মেয়ে আরজিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরজিনার স্বামী যৌতুকের জন্য তাকে নির্যাতন চালাতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে তার অবস্থার অবনতি হলে আজ ভোরে তাকে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযুক্ত আরজিনার স্বামী ফারুক হোসেন ও শ্বাশুড়ি রাহেলা বেগমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।