চলতি মাসের যে কোনো দিন পুনরায় ফেলানী হত্যার বিচার ভারতের একটি বিশেষ আদালতে শুরু হবে— শনিবার কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বিচারকাজে ফেলানীর বাবা, মামা ছাড়াও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশগ্রহণ করবেন।
সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের যে কোনো দিন ভারতের কুচবিহারের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে পুনরায় ফেলানী হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।
এদিকে. ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে আজ (শনিবার) ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে রাজশাহীতে ভারতীয় হাই কমিশনে গেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। পরে ফেলানীর মরদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় বিচার কাজ শুরু হলেও ভারতে বিএসএফ এর বিশেষ আদালত ২০১৩ সালের ১৯ আগস্ট অভিযুক্ত অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয় দেশটির আদালত।
ন্যায়বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের নিকট আবেদন করে ফেলানীর পরিবার। পরে দেশি-বিদেশি চাপে চলতি মাসে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচারকাজ।