রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রিপন মণ্ডল (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোররাতের দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রিপনের বন্ধু ফরিদ সরদার (২২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিএনপি নেতা মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুল খালেক বলেন, দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি চারটি গুলি করেছে। গুলি চারটি নিহতের মাথায়, মুখে বিদ্ধ হয়েছে।
তিনি বলেন, যৌনপল্লীর ভেতরের ঘটনা। তাই তদন্ত ছাড়া ঘটনাটা কিভাবে ঘটেছে এখনই বলা সম্ভব নয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে—এ কথা জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।