নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান থেকে দুটি তেলের ট্যাঙ্কার খসে পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের পিবিনগর ও কাশিমনগর গ্রামে তেলের ট্যাংক দুটি পড়ে যায়।
বিমান থেকে পড়া বস্তু দুটি অয়েল ট্যাঙ্কার বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত তেলের ট্যাঙ্কর দুটি খসে পড়লেও বিমানের কোনো ক্ষতি হয়নি এবং তা নিরাপদে ঢাকা পৌঁছেছে। ট্যাঙ্কার দুটি উদ্ধারের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাশাপাশি দুটি বিমান যাচ্ছিল। হঠাৎ একটি বিমান থেকে ধোঁয়া বের হতে থাকে। বিমানটি থেকে বিকট শব্দে দুটি বস্তু মাটিতে পড়ে। একটি কাশিমনগর গ্রামে বসতবাড়ির পাশে এসে পড়ে। আরেকটি পাশের গ্রাম পিবিনগরের একটি ধানখেতে পড়ে। এতে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বিমানবাহিনীর উইং কমান্ডার এনামুল হকের বরাত দিয়ে বলেন, খসে পড়া বস্তু দুটি প্রশিক্ষণ বিমানের অতিরিক্ত তেলের ট্যাঙ্ক। বিমানবাহিনীর লোকজন ঘটনাস্থলে রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।