সাতক্ষীরায় স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসাকালীন সময়ে আবুল হাসানের স্ত্রী সাফিয়া খাতুনের সঙ্গে পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের জুয়েল (৩৫) নামের এক যুবকের। এরপর থেকে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। আবুল হাসান অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে ফেরাতে পারেননি। প্রায়শই ওই যুবক আবুল হাসানের বাড়িতে এসে তার স্ত্রী সাফিয়া খাতুনের সঙ্গে দেখা করত। এরই জের ধরে আবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে আমাদের সংবাদদাতাদাকে জানিয়েছেন, পরকীয়ার কারণে যে হত্যাকাণ্ড ঘটনো হয়েছে তা অনেকটা নিশ্চিত। হত্যাকারীকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে একটি শার্ট, একটি প্যান্ট ও একটি লুঙ্গি ছিল।