এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
তারা হলো: বড়কান্দা গ্রামের মুকসেদ আলীর শিশুকন্যা চায়না (৯) ও একই গ্রামের মোহাম্মদ আলীর শিশুপুত্র মুজাক্কির (১২)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ সংঘর্ষের স্থানীয় ইউপি সদস্য বাসেদ মিয়ার পক্ষ ও হায়দার আলীর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোঁড়া বল্লম চায়না ও মুজাক্কিরের বুকে ও পেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য বাসেদ মিয়ার সঙ্গে হায়দার আলীর বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে দু’পক্ষের মধ্যে মামলা-পাল্টা মামলাও রয়েছে। এসবের জের ধরে সকাল ১০টার দিকে উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।