চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহন করা দুইটি বাসে ককটেল হামলায় শিক্ষকসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার হাটহাজারী থানার নন্দিরহাটের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: সোনম আক্তার, ফাতেমাতুজজোহরা, সাবরিনা আলম, সৈয়দা হালিমা বেগম, শিরিন আক্তার, আশরাফুজ্জামান, শ্রাবন্তী সাহা, সুনন্দা এবং ছাত্রী অমৃতা নাথ।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে শিক্ষকদের বহনকারী ৩টি বাস একসঙ্গে চট্টগ্রাম শহর থেকে রওনা হয়। বালুরটাল এলাকায় পৌঁছালে ২টি বাসে অতর্কিতে ককটেল ও পাথর ছোড়া হয়। এ সময় ৩টি বাসই দ্রুত স্থানত্যাগ করে। এ ঘটনায় শিক্ষকসহ ১২ জন আহত হন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, যেহেতু শিবির বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে, তাই ধারনা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ৫ শিবির কর্মীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শিবির নিয়ন্ত্রিত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হল খুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামী ছাত্র শিবির কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়।