চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাবি) শিক্ষদের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় ২টি মামলা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিক্ষকদের ওপর ককটেল হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগের উপ-পরিচালক রবিউল আলম অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন। এছাড়া, থানার এসআই মনজুর আহমেদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ৭৫ জনের বিরুদ্ধে অপর মামলাটি করেন। পরে নাম উল্লেখ করা ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক আছে। ক্লাশ ও পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ, বন্ধ ২টি হল খুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র শিবিরের ধর্মঘটের মধ্যে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২টি শিক্ষক বাসে ককটলে হামলা চলায় শিবির কর্মীরা। এতে ৮ শিক্ষকসহ ১২ জন আহত হন।
পরে সন্ধ্যায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কটেজে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ককটেল ও কিরিচ উদ্ধার করা হয়েছে।