হঠাৎ করেই সুনামগঞ্জে শিশুদের মধ্যে দেখা দিয়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ। গত চার দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০০ বেশি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে বলে জানালেন চিকিৎসকেরা।
এদিকে, শয্যা ও ঔষধ সঙ্কটে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়। ৩০ শয্যার এ ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় দেড়শ নিউমোনিয়া আক্রান্ত শিশু।
গত ১০ দিন ধরে সুনামগঞ্জে হঠাৎ করেই শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে অর্ধশতাধিক রোগী। প্রতিদিনই নিউমোনিয়ায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু।
তাপমাত্রার তারতম্যের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে উল্লেখ করে প্রতিরোধমূলক নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ধারণ ক্ষমতার ৫ গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লোকবল সঙ্কটসহ রয়েছে গ্যাস ও ঔষধের ঘাটতি।