চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাসে বোমা হামলার প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি এবং আগামী ১৭ সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পদক মোস্তাফিজুর রহমান।
এ হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে মোস্তাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণেই হামলার ঘটনা ঘটেছে।
ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের দাবি জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে বলেন, অবিলম্বে ক্যাম্পাসে শিবির নিষিদ্ধ করতে হবে। এ হামলায় জড়িত শিবির ক্যাডারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সকাল থেকে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষকরা।
উল্লেখ্য, বন্ধ ২টি হল খুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র শিবিরের ধর্মঘটের মধ্যে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২টি শিক্ষক বাসে ককটলে হামলা চলায় শিবির কর্মীরা। এতে ৮ শিক্ষকসহ ১২ জন আহত হন।পরে সন্ধ্যায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কটেজে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ককটেল ও কিরিচ উদ্ধার করা হয়েছে।