জমি নিয়ে বিরোধে বাগেরহাটের মোড়েলগঞ্জে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সহোদর দুই শিশু।
শুক্রবার ভোর রাতে বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামে এ খুনের শিকার হয়েছে আপন দুই ভাই বাবু হাওলাদরের ছেলে মিরাজুল (১১) ও রিয়াজুল (৮)। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোড়েলগঞ্জে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই দুই শিশুর বাবা বাবু হাওলাদার জানান, পায়লাতলা গ্রামে তার দুই ছেলে মিরাজুল ও রিয়াজুল বৃহস্পতিবার রাতের খবার খেয়ে পাশের বাড়িতে দাদীর কাছে ঘুমিয়ে পড়ে। ওই রাতে প্রতিবেশী মৃত বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪০) ওই বাড়িতে আসে। কৌশলে ঘরে ঢুকে তার বৃদ্ধা মা রওশনারাকে জুসের সাথে ঘুমের ওষধ খাইয়ে মিরাজুল ও রিয়াজুলকে হত্যা করে। একজনকে ঘরের পেছনে পুকুরে ও অপর জনকে ঘরের সামনে ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় সে। সকালে ঘুম থেকে জেগে মিরাজুল ও রিয়াজুলের লাশ ভাসতে দেখে তার দাদী চিৎকার শুরু করেন। এসময় এলাকাবাসী ছুটে গিযে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বাবু হাওলাদার আরো বলেন, কিছুদিন আগে তাদের বসত বাড়ি ছেড়ে না দিলে হত্যা হুমকি দেয় বাচ্চু মৃধার পরিবার।
তারা পরিকল্পিতভাবে তার দুই সন্তানকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আমলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই দুই শিশু সহোদরের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ নিয়ে গত ৯ দিনের ব্যবধানে মোড়েলগঞ্জে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।