মোটরশ্রমিক নেতা মজিদকে গুলি করে হত্যার হুমকি, কার্যালয়ে হামলা চালানোয় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে রংপুর-ঢাকা রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মোটরশ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ কর্মসূচি পালন করছে তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার হুমকি দিয়ে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, গাড়ি ভাঙচুর, ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় এ ধর্মঘটের ডাক দেয় তারা।
সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের ফলে সকাল থেকে রংপুর নগরীর কামারপাড়াস্থ ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এদিকে, আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মোটরশ্রমিক নেতাদের অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটরমালিক সমিতির ভাড়াটিয়া সন্ত্রাসিরা তাদের কার্যালয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর মোটর সাইকেলে আগুন দেয়াসহ ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনার প্রতিবাদে পরের দিন রংপুর বিভাগের ৮ জেলায় অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘট চলাকালে প্রশাসনের হস্তক্ষেপে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ আলোচনা করে শ্রমিকদের ক্ষতিপুরণ বাবদ ১০ লাখ টাকা প্রদানেরর অঙ্গীকার করে। প্রশাসন দায়ীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
তবে সোমবার রাতে রংপুর সার্কিট হাউজে আবারো মালিক শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মালিক সমিতি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং উল্টো বাড়াবাড়ি করলে শ্রমিক নেতা মজিদকে গুলি করার হুমকি দেয়।
তবে তাদের দাবি পূরণ না হলে আবারো রংপুর বিভাগের ৮ জেলায় সকল রুটে অনিদিষ্টকালের জন্য সকল যান চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও জানান শ্রমিক নেতারা।