একাত্তরে মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে দেশের বিভিন্ন এলাকার মানুষ। বুধবার এ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশালসহ আরো অনেক জায়গায়।
মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। এদিকে, চূড়ান্ত রায়ে সাঈদীর মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষুব্ধ খুলনাবাসী। ফাঁসিই সাঈদীর উপযুক্ত শাস্তি বলে মনে করেন তারা।
আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণমঞ্চ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে বরিশাল, দিনাজপুর ও গাইবান্ধায়ও। এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে জানান তারা।
এছাড়া এ রায়কে কেন্দ্র করে এসব জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।