জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় জামাত-শিবির নেতাকর্মীরা মিছিল করেছে।
রায় ঘোষণার পর বুধবার রাজশাহীতে বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে জামাত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় জামাত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশকে লক্ষ্যে করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও রাবারবুলেট ছোঁড়ে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
একই সময় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে রাস্তা অবরোধের চেষ্টা করে জামাত-শিবির নেতাকর্মীরা। এসময় পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইখান থেকে ৩ জনকে আটক করে।
এদিকে, মতিহার থানার কাটাখালী এলাকায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে জামাত-শিবির নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তারভীর হায়দার চৌধুরী আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, ঘটনার পর থেকে নগর জুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।