মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে রাজাকার জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে জামাত-শিবির।
বিছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে সারাদেশে জামাতের ২দিনের ডাকা হরতালের প্রথম দিন চলছে।
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে হরতালের সমর্থনে জামাত-শিবির শহরের গলাচিপা মোড়ে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু সড়কে গিয়ে বাঁশ ফেলে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ আরমান নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
গাজীপুর:
গাজীপুরের জয়দেবপুর শহরের রেলক্রসিং এলাকায় একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাজবাড়ি সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে রেল চলাচলও স্বাভাবিক রয়েছে।
এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যান চলাচল না করলেও আঞ্চলিক সড়কে যানবাহন, সিএনজি চালিত অটোরিকশা ও রিকসা চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ:
ময়মনসিংহে হরতাল সমর্থনে শহরের গাঙ্গিনাপাড়ে বিক্ষোভ মিছিল করেছে জামাত-শিবিরের কর্মীরা। তবে সকালে শহরের মাসকান্দা, ব্রিজমোড়, কাঁচিঝুলি বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে না গেলেও ট্রাক, অটোরিকসা চলাচল করছে।
এছাড়া, শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট:
সিলেটে হরতালের প্রথমদিনে নগরীর হাউজিং এস্টেট মুখে মিছিল করে জামাত-শিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় পাথর ও প্লাস্টিকের ডিভাইডার ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় একটি ট্রাক ভাঙচুর করে তারা। পরে এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
এছাড়া, হরতালের সমর্থনে টুকেরবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান এলাকায় জামাত-শিবির মিছিল করে।
রাজশাহী:
বিভাগীয় শহর রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালতি হচ্ছে জামাতরে ডাকা হরতাল। হরতাল সমর্থনে ডিঙ্গাডোবা এবং শালবাগান এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামাত-শিবির কর্মীরা ককটলে বিস্ফোরণ করে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, নগরীর অধিকাংশ দোকান খোলা রয়েছে আর নগরীতে হালকা যানবাহন করছে।
দিনাজপুর:
দিনাজপুরে হরতালের সমর্থনে শহরের কালিতলা এলাকায় মহাসড়কের উপর টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের নেতাকর্মীরা। মিছিল শেষে সুইহারির চৌরঙ্গী সিনেমা হল মোড়ে পিকেটিং করে তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই সটকে পড়ে নেতাকর্মীরা। এ সময় জ্বলন্ত টায়ার সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় পুলিশের টহল দলের সদস্যরা।
হরতালের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পিকেটিং করতে দেখা যায়নি নেতাকর্মীদের। হালকা বাহন ছাড়া যানবাহন চলছে না।
কুমিল্লা:
জামাতের ডাকা ২৪ ঘন্টার হরতাল কুমিল্লায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। ভোর থেকে নগরীর কোথাও পিকেটারদের দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী সড়কগুলোতে টহল দিচ্ছে। সকাল সাড়ে ৭টায় নগরীর লাকসাম রোডের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকায় জামাত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মহাসড়কে অল্প সংখ্যক পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। তবে নগরীতে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
খুলনা:
খুলনায় হরতালের সমর্থনে সকালে শিবির কর্মীরা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনের সড়কে ঝটিকা মিছিল বের করে। একই সঙ্গে নগরীর খানজাহান আলী রোডে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি চেষ্ঠা করে।
এছাড়া, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস আদালতের কার্যক্রম রয়েছে অনেকটা স্বভাবিক। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে ট্রেন।
নড়াইল:
জামাতের ডাকা হরতাল নড়াইলে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। সকাল থেকে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান ছেড়ে যায়নি। এছাড়া, অন্যান্য যানবহন চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের সমর্থনে কোনো মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
নাটোর:
নাটোরেও ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাটোর থেকে দূরপাল্লার যান ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ সড়কে অল্প কিছু যান চলাচল করছে। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক রয়েছে। সকালে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করে।
এদিকে, হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে শহরের জামাত শিবির অধ্যুাষিত বড় হরিশপুর বাইপাস এলাকায় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সড়ক-মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।