কিশোরগঞ্জে ৩ হত্যাকাণ্ডের মামলায় বোরহান উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ.ম.মো. সাঈদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এর আগে বড়ভাই সোহরাব উদ্দিনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাভোগ করে সে।
সাজা ভোগশেষে মুক্তিপেয়ে গত বছরের ১ আগস্ট তার ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রী নাজমা, তার দুই ছেলে শাহজাহান ও লিমনকে পিটিয়ে হত্যা করে।
পুলিশ অভিযান চালিয়ে ওই দিনেই ঘাতককে গ্রেপ্তার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বোরহান।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের পহেলা অগাস্ট পারিবারিক বিরোধের জের ধরে বোরহান তার ছোট ভাই ফারুকের স্ত্রী নাজমা আক্তার অন্তরা (৩০) এবং দুই ছেলে শাহজাহান (৮) ও শাহ পরানকে (৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
বাড়ি থেকে পালানোর পথে ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড থেকে বোরহানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন। বোরহান দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
ওমর ফারুক জানান, ১৯৯৩ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সোহরাবকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় বোরহানের।
বোরহান জেলে থাকা অবস্থায় তাদের বাবা সদর আলী সব সম্পত্তি ফারুকের নামে লিখে দিয়ে যান।
২০ বছর জেলে কাটিয়ে ২০১৩ সালে মুক্তি পান বোরহান। বাড়ি ফিরে সব সম্পত্তি ছোট ভাইয়ের দখলে দেখে ক্ষিপ্ত হয়ে আবার বিবাদে জড়ান তিনি।
এর জের ধরে জেল থেকে বের হওয়ার দেড় মাসের মাথায় ফারুকের স্ত্রীসহ দুই সন্তানকে হত্যা করেন বোরহান।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক। আসামি পক্ষে ছিলেন জেসমিন আরা রোজি।