র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দায়মুক্তি আইন তৈরি কারার কোনো পরিকল্পনা নেই—দায়মুক্তির যতো বিধান রয়েছে তা অগণতান্ত্রিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ফারুক আহমেদ পিনুকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের যেন দায়মুক্তি না দেয়া হয় ইউরোপীয় পার্লামেন্টের এমন বক্তব্য সর্ম্পকে তথ্যমন্ত্রী বলেন, র্যাবের দায়মুক্তি দেয়ার কোনো বিধান নেই। ইউরোপীয় পার্লামেন্ট ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।
বাংলাদেশ সর্ম্পকে মন্তব্য করার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি খোঁজ খবর নেয়ার আহ্বান জানান হাসানুল হক ইনু।
সম্প্রচার নীতিমালা নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট সমালোচনা করায় ইনু বলেন, বাংলাদেশের সম্প্রচার নীতিমালা নিয়ে মন্তব্য করা দুঃখজনক। সম্প্রচার নীতিমালা সংবিধানের, সংবাদপত্রের স্বাধীনতার ও সংবাদ প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ইউরোপীয় পার্লামেন্ট আইন পড়েনি উল্লেখ করে তিনি আরো বলেন, ক্লিনহার্ট অপারেশন পরিচালনার সময় খালেদা জিয়া তৎকালীন পার্লামেন্টে ক্লিনহার্ট অপরেশনে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনীর নিকট দায়মুক্তি দিয়েছে। আর শেখ হাসিনার সরকার দায়মুক্তির সংবিধান খারিজ করেছে।