টাঙ্গাইলের মির্জাপুরে একটি পিকআপ ভ্যান ও কভার্ড ভ্যানের সংঘর্ষের পর পাশের দোকানে ঢুকে পড়ায় চার জন মারা গেছেন।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন বলে গোড়াই হাইওয়ে থানার ওসি জুবাইদুল আলম জানান।
তিনি বলেন, কভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল আর পিকআপ ভ্যানটি ঢাকা থেকে টাঙ্গাইলে আসছিল।
সংঘর্ষের পর কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা লেবু মিয়া (৪২) ঘটনাস্থলেই মারা যান।
দুই গাড়ির সাত জনকে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরো তিন জন।
তারা হলেন- কালিহাতির চিনামুরা গ্রামের আবদুর রশিদ (৪০) ও টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও ধনবাড়ি উপজেলার পশ্চিম গাজী গ্রামের সোহেল হোসেন (৩০)।