চট্টগ্রামের কর্ণফুলি নদীতে মাছ ধরার ট্রলারে লাগা আগুনে দগ্ধ হয়ে লিটন (৩০) নামে আরো একজন মারা গেছেন।
এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিচালক পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের বলেন, সোমবার রাতে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, 'আগুনে লিটনের শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব ছিল না।'
গত শনিবার কর্ণফুলি নদীতে এফভি সানজিদা নামে মাছ ধরার ট্রলারটি আগুন লাগার পর তা ডুবে যায়।
স্থানীয়রা চার জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিন জনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে ট্রলারটি তীরে তোলা হলে ট্রলারের ভেতর থেকে নাজিম ও নুরুল আলম নামে দু'জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শফিক নামে একজন।