শরীয়তপুরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে ক্লাস করছে। নদী ভাঙনের ঝুঁকিতে থাকায় প্রতিদিনই কমছে এসব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা। তাই বিদ্যালয়গুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার দাবি শিক্ষক-অভিভাবকদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা-নদী ভাঙনসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রতি বছরই শরীয়তপুরের মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
এ বছর নদী ভাঙনের হুমকির মুখে জেলার কমপক্ষে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশপাশে আর কোনো বিদ্যালয় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করছে ছাত্র-ছাত্রীরা।
শরীয়তপুর গোসাইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার বলেন, ভাঙন কবলিত ২টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বিকল্প স্থানে পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।
আর শরীয়তপুর চর নড়িয়া সরকারি প্রা.বি এর প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, অস্থায়ীভাবে অন্য জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের।
এদিকে, শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার হতে পারে বলে আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের।