ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলায় একই সময় বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা ডাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে উপজেলা সদরে মাইকিং করা হয়।
উপজেলা বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন ১৭ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। এতে জেলা বিএনপির আহ্বায়কের অনুমোদন দেয়ার কথা থাকলেও তিনি সেই সম্মেলনে উপস্থিত ছিলেন না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পদক হারুন অর রশিদ গ্রুপ সেই কমিটিকে প্রত্যাক্ষাণ করে উপজেলার পুরাতন গো হাটায় পাল্টা কমিটি গঠনের জন্য কাউন্সিল আহ্বান করে। একই সময়ে উপজেলার নতুন গো হাটায় নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাবেক এমপি শাহীন।
তাই উপজেলা সদরে দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে এবং কোনো পক্ষকে অনুমতি না দিয়ে সব ধরণের সভা সমাবেশের ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।’
তাহমিনা আক্তার আরো বলেন, উপজেলার পৌর এলাকার চৌনিখোলায় বিএনপির এক গ্রুপ সংবর্ধনা এবং গোহাটা এলাকায় অপর একটি গ্রুপ কমিটি গঠনের কর্মসুচি আহ্বান করে। পাল্টাপাল্টি দুই গ্রুপের কর্মসুচি আহ্বান করায় দুই গ্রুপের মধ্যে বিশৃংখলার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।