কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় কোরবানি ঈদকে সামনে রেখে চলছে গরু মোটাতাজাকরণ। বিভিন্ন খামারে শেষ মুহূর্তে ব্যস্ত খামারীরা। এ বছর সাড়ে ৪০০ কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা করছেন তাদের।
খামারীদের দাবি, এ প্রক্রিয়ায় মানুষের জন্য ক্ষতিকর কিছু গরুকে দেয়া হচ্ছে না।
কোরবানি ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ৫২৩টি খামারে চলছে দেশি-বিদেশি গরুর নিবিড় পরিচর্যা। ব্যক্তিগতভাবে কমপক্ষে ৭৫ হাজার গরু মোটাতাজা করছেন খামারীরা। মূলত গত ঈদ থেকেই শুরু হওয়া এ প্রক্রিয়ায় প্রথমে গরুকে রোগমুক্ত করেন তারা।
খামারীরা বলেন, মোটাতাজা করতে গরুকে খাওয়ানো হয় নানা পুষ্টিকর খাবার। তবে গরু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর কিছু ব্যবহার করা হচ্ছে না।
তারা আরো বলেন, গরুর ব্যবসা করে কুষ্টিয়ার অসংখ্য মানুষ স্বাবলম্বী হলেও ভারত থেকে গরু আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কুষ্টিয়া জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ডা. মো. আশাদুল বলেন, গরু মোটাতাজাকরণে খামারী ও কৃষকদের তদারকি ও সহায়তা প্রদান করা হচ্ছে।