বাংলাদেশকে পাশের দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে ভাল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে—এ মত দিয়েছেন বাংরাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা।
শনিবার বাংলাদেশের ৬৪ জেলা সফরের শেষপর্যায়ে ৬৪তম জেলা কুমিল্লা সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পাশের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে—এ কথা উল্লেখ তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো বাংলাদেশ থেকে পণ্য আমদানি করলে লাভবান হত। কারণ এখানে অনেক কিছুই পাওয়া যায়।
বাংলাদেশ থেকে সেভেস সিস্টার রাজ্যগুলোতে এ সব পণ্য পাঠানো অনেক সহজ—এ কথা জানিয়ে মজিনা বলেন, ভারতের পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের ১০০০ কিলোমিটার সড়ক যোগাযোগ রয়েছে। এ সড়ক দিয়ে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো অনেক সহজ হবে।
এর আগে তিনি সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রুদ্রপাল মৃৎ শিল্প সমিতির উৎপাদিত পোটারী পণ্য পরিদর্শন করেন।