কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধবিহার ও বসতিতে হামলার দুই বছর আজ। ২০১২ সালের এদিনে দুর্বৃত্তদের হামলায় ধ্বংস্তুপে পরিণত হয় বেশকিছু ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক ঘরবাড়ি। সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হলেও হামলার ঘটনায় অভিযুক্তদের অনেকে এখনো গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা।
ফেসবুকে একটি ছবি প্রকাশের জের ধরে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু উপজেলার বৌদ্ধবসতি ও বিহারগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। টেকনাফ ও উখিয়া উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীদের উপাসনালয়েও হামলা করা হয়। লুট হয় অনেক প্রাচীন ও দুর্লভ বৌদ্ধমূর্তি। পুড়ে ছাই হয় হাজার বছরের পুরনো বৌদ্ধ পান্ডুলিপি।
সরকারী পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শৈল্পিক নকশায় নতুন করে নির্মাণ করা হয়েছে বিহারসহ প্রতিটি স্থাপনা। স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে নতুন করে। ফলে, এগুলো আবার দর্শনার্থীদের জন্য পরিণত হয়েছে দর্শনীয় স্থানে।
তবে, এ ঘটনায় দায়ের করা মোট ১৯টি মামলার মধ্যে ৭টির চার্জশিট দেয়া হলেও, স্থানীয়দের দাবি অভিযুক্তদের অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার কথা বললেন ভিক্ষুরা।