ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সাভার ও পটুয়াখালিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাকিরা বিভিন্ন উপায়ে বেঁচে গেলেও দুই ছেলেকে নিয়ে রুবিনা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থেকে বেরিয়ে আসতে পারেননি।
ঘটনাস্থলেই মা ও শিশুসহ ৩ জন মারা যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন : রুবিনা বেগম (২৫) ও তার ৭ বছর বয়সী দুই ছেলে নীরব ও সৌরভ।
পটুয়াখালি শহরে সাকুরা পরিবহনের চাপায় দুই পথচারী মারা গেছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় ১৫ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় একজন মারা গেছেন।