লক্ষ্মীপুরের রায়পুর থানার সামনে বৃহ্স্পতিবার রাতে নিজ বন্দুকের গুলিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল মারা গেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আকন্দ বলেন, নিহত এএসআই আবদুল জলিল লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টায় বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।
পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশের সঙ্গে এএসআই আবদুল জলিল রায়পুর এলাকায় যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এর কিছুক্ষণ পর রায়পুর থানার সামনে চা দোকানে গিয়ে চা খাওয়া অবস্থায় অসাবধনতায় নিজের বন্দুকের গুলি বুকে লাগে। এতে আবদুল জলিল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, দায়িত্বরত অবস্থায় পুলিশের এএসআই আবদুল জলিলের মৃত্যতে আমারা শোকাহত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা।