ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকায় এলাকায় রোববার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্রগ্রাম মেরিন একাডেমীর ছাত্র শামীম আল মামুন (১৭), জোসনা (৩৬) টাঙাইলে কোনাবাড়ী এলাকার কামাল উদ্দীনেরে স্ত্রী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফেনী বাইপাস এলাকার কসকা দক্ষিণ ছনুয়া এলাকায় ডেলটা লাইন নামের টাঙ্গাইল থেকে চট্টগ্রাম গামী একটি বাস গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নারী ও একজন পুরুষ মারা যান। এ ঘটনায় আরো ৮ জন আহত হন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমূখে উল্টা লাইনের ( ঢাকা মেট্রো গ-১৪-৭৮৪৯) একটি বাস ফেনীর কসকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের ফেনী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।