জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে রোববার জেলহাজতে পাঠানোর প্রতিবাদে উখিয়া উপজেলা স্টেশন চত্বর ও কোটবাজার স্টেশনে অবরোধ করেছে তার দলীয় সমর্থকরা।
এর ফলে আজ দুপুর ১২ টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া টেকনাফ বাজারের দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা টেকনাফ বাস ষ্টেশনে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ মোক্তার হোসেনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন,এমপি বদির সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল করছে। পুরো টেকনাফ জুড়ে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড আহমেদ হোসেন দেশটিভিকে জানান, এমপি আব্দুর রহমান বদি বহুমুখি ষড়যন্ত্রেও শিকার হয়ে জেলে গেছে। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত জেল থেকে বের করে আনবে এবং এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভা ডেকে করণীয় ঠিক করবেন বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।