হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পঞ্চম দফা অভিযান চালিয়ে ৯৪৫৪টি গুলি, ৮০টি ম্যাগজিন, পাঁচটি ওয়ারলেস সেট ও ১১টি বক্সসহ নানা গোলাবারুদ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়) র্যাব-৯।
র্যাব-৯ এর অধিনায়ক রিয়াদ রহমান রাব্বানী শুক্রবার সাংবাদিকদের বলেন, নতুন করে বনের পাহাড়ের ভেতর ২টি বাংকারের সন্ধ্যান পাওয়া গেছে। বাংকার ২টি থেকে ট্যাংক বিধ্বংসী কামানের গোলাসহ, ৯৪৫৪টি গুলি, ৮০টি ম্যাগজিন, ৫টি ওয়ারলেস সেট ও ১১টি বক্স উদ্ধার করা হয়েছে।
তবে কে বা কারা এসব অস্ত্র মজুদ করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
এর আগে ৩ জুন হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার সাতছড়িতে সংরক্ষিত বনাঞ্চলের জাতীয় উদ্যান থেকে ৭টি বাংকারের সন্ধান পায় র্যাব। পরে সেখান থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সাতছড়ি উদ্যানে বুধবার রাত থেকে চতুর্থবারের মতো অস্ত্র উদ্ধার অভিযানে ৩টি মেশিনগান, ৪টি মেশিনগানের ব্যারেল, ৮টি ম্যাগজিন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করে র্যাব।
দ্বিতীয় ও তৃতীয় দফায় অভিযান চালিয়েও রকেট চার্জার ও রকেট লাঞ্চারসহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব।