নড়াইলের লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোরখালী গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদী ভরাট করে ‘কাশিপুর আশ্রয়ণ প্রকল্প’ তৈরি করছেন স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান।
এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের নবগঙ্গা নদীর ৬ একর ৮৫ শতক জমির ওপর '’কাশিপুর আশ্রয়ণ প্রকল্প’ তৈরি করা হচ্ছে।
তবে এ প্রকল্প তৈরি করতে নদীর মাঝখানে ২টি ড্রেজার বসিয়ে বালু তুলে নদী ভরাট করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
প্রকল্পের কাজ বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
সরকারী নিয়ম-নীতি মেনে আশ্রয়ণ প্রকল্পের কাজ করা হচ্ছে বলে জানান এলাকার চেয়ারম্যান মতিয়ার রহমান। আর নদী ভরাট করে প্রকল্পের কাজ করা হলে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তারা।