শুধুমাত্র ইবোলা আক্রমণপ্রবণ দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করায় ভাইরাসটি ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে আশঙ্কা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। দেশকে ইবোলা ভাইরাস মুক্ত রাখতে সব চেকপোস্টেই বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার দাবি সচেতন মহলের।
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেনাপোল চেকপোস্টে স্বাস্থ্য ডেস্কে কাজ করছে ৭ সদস্যের মেডিকেল টিম।
সংক্রামক ঘাতক ব্যাধি ইবোলা আতংক ছড়ানোর পর ভাইরাসটি প্রতিরোধে গত ১৪ আগস্ট থেকে যশোরের বেনাপোল চেকপোস্টে বসানো হয়েছে স্বাস্থ্য ডেস্ক।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নূর ইসলাম বাহার বলেন এখানে শুধুমাত্র আক্রমণপ্রবণ দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টিমের সদস্যরা ইবোলা আক্রমণপ্রবণ পশ্চিম আফ্রিকার দেশসমূহ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে— তবে গত দুই মাসে এসব দেশের কোনো যাত্রীই এ বন্দর দিয়ে বাংলাদেশে আসেনি বলে জানান নূর ইসলাম বাহার।
এছাড়াও পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশের যাত্রীদের ওপার থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান।
এদিকে, পশ্চিম আফ্রিকার দেশগুলো ছাড়া অন্যান্য পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা না করায় দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এ দেশের যাত্রীরা ভারতে গিয়ে পশ্চিম আফ্রিকার লোকজনের সঙ্গে মেলামেশা করছে কিনা, সে বিষয়েও সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে মনে করেন অনেকে।