নাটোরের দুর্ঘটনার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে— তারপরও স্থানীয়ভাবে প্রাপ্ত রিপোর্টে মনে হয়েছে বেপরোয়া গাড়ি চালানো ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নাটোর থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুরের মৌচাক এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সড়কে কারিগরি সমাধানের কারণে দুর্ঘটনা অনেক কমে এসেছে এ কারণে একনেকে ১৪৪টি স্পট নির্ধারণ করে ১৬৫ কোটি টাকার একটি প্রজেক্ট গত সপ্তাহে অনুমোদিত হয়েছে।
নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন সেটি আমরা শুরু করেছি, দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে এ আন্দোলনে শরীক হতে তিনি তরুণ সমাজকে আহ্বান জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।