নোয়াখালীতে পানি দূষণের স্থানীয় একটি খামারের বর্জ্যে আশপাশের জলাশয়গুলো দূষিত হওয়ার পাশাপাশি গাছপালা ও ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খামার কর্তৃপক্ষ। এদিকে, এর ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নোয়াখালীর ধর্মপুর ইউনিয়নের শুল্যকিয়া গ্রামে প্রভিটা ব্রিডার্স নামের মুরগির খামার এটি। সোনারপুর-সুবর্ণচর সড়কের পাশে অবস্থিত এ খামারে নেই প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা। খামারের বর্জ্যে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে পাশের আবাদি জমিতে মুরগির বিষ্ঠা আর রাসায়নিক দ্রব্য ফেলে খামার কর্তৃপক্ষ। এতে নষ্ট হচ্ছে গাছপালা ও জমির ফসল। এছাড়া, এ বর্জ্য জলাশয়ে মেশায় চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
এসব অভিযোগ অস্বীকার করে খামার কর্তৃপক্ষ দুলাল দেবনাথ বলেন, বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তাদের।
এদিকে, স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি তাদের কাছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।