নির্বাচনের ট্রেন মিস করেছেন খালেদা তাই এখন আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার পাবনা মেডিকেল কলেজ চত্বরে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী ৫ বছর পর দেশে নির্বাচন হয়, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।’
তিনি আরো বলেন, আলোচনার আর কোনো সুযোগ নাই তবে আলোচনা অবশ্যই হবে, সেটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে। অন্য কারো সঙ্গে আলোচনা হবে না।
নির্বাচনের ট্রেন মিস করেছেন খালেদা জিয়া উল্লেখ করে নাসিম বলেন, ৫ বছর আগে আর ওই ট্রেন ফিরে আসবে না। তাই হইচই না করে, আন্দোলনের হুমকী না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, নিজের দলকে গোছান।
অনুষ্ঠানে পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এর আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বাস্থ্য সচিব এসএম নিয়াজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ সরকারী ও দলীয় কর্মকর্তারা।