মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার জামাতের প্রথম দফার হরতাল পালন। এদিকে, হরতালকে কন্দ্রে করে রাজশাহীতে পুলিশের সঙ্গে শিবির ক্যাডারদের সংঘর্ষ হলে পুলিশ ৭ জনকে আটক করেছে। এছাড়াও পিরোজপুর হাসপাতাল সড়কে শিবিরের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আগুন জ্বালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামাত কর্মীরা।
রাজশাহী :
রাজশাহীতে হরতালকে কন্দ্রে করে সকালে সড়ক অবরোর করে শিবির ক্যাডারা। পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে র্যা ব ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে ডিঙ্গাডোবা এলাকায় হরতাল সমর্থকরা মিছিল করার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ এবং পুলিশ ধাওয়া দিলে ত্রি-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে, নাশকতার আশঙ্কায় নগরীর তেরখেদিয়ার বাসা থেকে জামাতের রাজশাহী মহানগর আমির আতাউর রহমানকে আটক করেছে পুলশি।
এছাড়া নগরীর অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জামাত-শিবিরের আরো ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, হরতালে রাজশাহী থেকে কোনো ধরনের দূরপাল্লার যান ছেড়ে যায়নি। তবে নগরীতে যান চলাচল স্বাভাবকি রয়েছে।
পিরোজপুর :
পিরোজপুরের হাসপাতাল সড়কে ঝটিকা মিছিল করেছে ছাত্র-শিবির। এ সময় তারা সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগুন জ্বেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। সকালে শিবির কর্মীরা হাসপাতালের সামনে থেকে একটি মিছিল নিয়ে পৌর ভবনের সামনে যায়। পরে ওই সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
এ সময় তারা সেখানে সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে সড়ক প্রতিবন্ধকতা তৈরি করে। পুলিশ পৌঁছেলে সেখান থেকে তারা পালিয়ে যায়।
এদিকে, দূরপাল্লার ও জেলার আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের কোথাও জামাত শিবিরের পিকেটারদের দেখা যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নেয়। বিজিবি র্যা বের টহল রয়েছে। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ নাশকতা সৃষ্টির আশঙ্কায় ৩ জনকে আটক করেছে।
যশোর :
জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ডাকা হরতালকে ঘিরে যশোরে কঠোর অবস্থান ছিল পুলিশের। হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা শহর জুড়ে পুলিশ ও র্যা বের টহল জোরদার ছিল। হরতাল চলাকালে শহরের কোথাও জামাত শিবিরের নেতাকর্মীকে দেখা যায়নি। তারা পুলিশের গ্রেপ্তার এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে, হরতালকে ঘিরে বুধবার ভোর রাতে জেলার বিভিন্ন এলাকা জামাত শিবিরের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
যশোর পুলিশের মুখপাত্র ও সিনিয়র এএসপি রেশমা শারমিন বলেন, জেলা শহর এবং আট উপজেলা থেকে জামাত শিবিরের ১৯ জন নেতাকর্মীসহ মোট ৫৬ জনকে আটক করা হয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি।
মাগুরা :
ঐতিহ্যবাহী কাতায়নী পূজা উপলক্ষে মাগুরায় বৃহস্পতি ও রোববার হরতাল প্রত্যাহার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখা।
বুধবার রাত ৯টায় এক চিঠিতে জেলা জামাতের আমির মো. আলমগীর বিশ্বাস জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহকে দেয়া এ তথ্য জানান।
চিঠিতে উল্লেখ করা হয় মাগুরার ঐতিহ্যবাহী এ পূজা পালনের সুবিধার্থে কেন্দ্রীয় সংগঠনের অনুমতিক্রমে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার ও ২ নভেম্বর রোববার মাগুরা জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হলো।
সিলেট :
সিলেটের দরগা গেইট এলাকায় সকালে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে জামাত-শিবির কর্মীরা। এ সময় তারা নিজামীর বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে জিন্দাবাজার-আম্বরখানা-বিমানবন্দর সড়কে ইট-পাটকেল ফেলে অবরোধের চেষ্টা করে। দ্রুত পুলিশ ও র্যা ব চলে আসায় মাজার এলাকা দিয়ে পালিয়ে যায় হরতালকারীরা।
এদিকে, সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে, তবে ভারি যানবাহন চলে নাই। হরতালের কারণে নগরীর বিপনী বিতান ও দোকানপাট বন্ধ রয়েছে। সিলেট থেকে দূর-পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
তবে যথাসময়ে ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। নগরবাসীর নিরাপত্তায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যা বের টহল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি। দেশে সব জায়গায় পালিত হয়েছে জামাতের হরতাল।