জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজশাহীর দুর্গাপুরে রাজু আহম্মেদ (২২) নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রসীরা।
রাজু উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি কানপাড়া ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে রাজুকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে রাত পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে শহীদুলের (রাজুর চাচা) বিরোধ ছিল। বুধবার রাতে সন্ত্রাসীরা তাকে হত্যার জন্য শহীদুলের বাড়িতে হানা দেয়। এ সময় শহীদুলের খোঁজ করলে বাড়ি থেকে রাজু বেরিয়ে আসেন। সন্ত্রাসীরা তাকে শহীদুল ভেবে গুলি করে পালিয়ে যায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।