জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে ময়মনসিংহের রাজৈ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পুরনো হয়ে গেছে এবং প্রায়ই বিকল হয়ে যায় সেগুলো। এ অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
১৯৯৯ সালে জেলার ভালুকায় নির্মাণ করা হয় ময়মনসিংহ রাজৈ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রথম দিকে সেবার মান ঠিক থাকলেও, আস্তে আস্তে নেমে যায় চিকিৎসার মান।
জনবল সংকট, দুর্বল অবকাঠামো আর পুরোনো সরঞ্জাম দিয়ে একরকম খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্রটি। প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না।
চিকিৎসা নিতে গিয়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের।
এসব অভিযোগের সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা কমিউনিটি হেলর্থ অফিসার উপ-সহকারী ডা: এনায়েত উল্লাহ।
ভালুকা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রায় ৫০ হাজার মানুষের প্রাথমিক চিকিৎসা সেবার একমাত্র এ স্বাস্থ্য কেন্দ্রটির সেবার মান বাড়ানোর দাবি এলাকাবাসীর।