জামাতকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার কোনো যৌক্তিকতা নেই— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত শ্রী শ্রী জিউর গোপীনাথ মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামাত নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত করেছে— এ সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি এখন সাধারণ মানুষের।
হানিফ বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের সঙ্গে মধুর সর্ম্পক স্থাপন করতে হবে, এই ধরনের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়।
জামাত মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধী দল-উল্লেখ করে তিনি আরো বলেন, তারা (জামাত) একাত্তরে যে অপরাধ করেছিল এখনও সে ধরনের অপরাধ করে যাচ্ছে।
হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও যুদ্ধাপরাধী। কারণ তিনি জামাত-শিবিরের দোসর। নিজামীর রায়ের আগেই নাটোরে তার জনসভার তারিখ পরিবর্তন করে মূলত জামাতের হরতালে সমর্থন দিয়ে ফের প্রমাণ করেছেন তিনি তাদের দোসর।
এ সময় হানিফ নতুন প্রজন্মের জামাত-শিবির ও বিএনপি কর্মীদের যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দী, প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী প্রমুখ।