যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রোপোলে নানাভাবে বাংলাদেশি যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় নানা ভোগান্তির শিকারও হচ্ছেন এপারে যাত্রীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমনসহ নানা প্রয়োজনে প্রতিদিন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রায় ৩ হাজার লোক ভারতে যাতায়াত করে। তবে যাত্রি সংখ্যা অনুপাতে ওপারের পেট্রোপোলে নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা।
ফলে ঈদ-পূজাসহ যে কোনো উৎসব পার্বণে যাত্রিসংখ্যা বেড়ে গেলে বেড়ে যায় দুর্ভোগও। এছাড়া, কাস্টমস এবং ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সারতে যাত্রীদের রোদে দাড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কাস্টমস এবং পুলিশ ইমিগ্রশনে হয়রানি ছাড়াও অনেক যাত্রীর মালামাল ও টাকাপয়সা কেড়ে নিচ্ছে দালালরা।
সংশ্লিস্টরা মনে করছেন, দুই দেশের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ভারতের পেট্রোপোল সীমান্তে যাত্রিসেবার মান আরো বাড়ানো দরকার।