সিলেটে সিএনজি চালিত অটোরিকসা চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে মঙ্গলবার বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলার পর স্থগিত করা হয়েছে। দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ ধর্মঘট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে সকালে আমাদের সংবাদদাতা জানান, ধর্মঘটের কারণে সিলেটসহ হবিগঞ্জ, মৌলবীবাজার ও সুনামগঞ্জে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে রাজধানীসহ সবকটি রুটের সঙ্গে সিলেট বিভাগের সড়ক যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া ঘোষণা দেন পরিষদের নেতারা।
এর আগে একই দাবিতে গত ১৯ অক্টোবর পরিবহন ধর্মঘট করেছিল সংগঠন দুইটি।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সিএনজি চালিত অটোরিকসা মালিক-শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের পর পরিবহন শ্রমিকরা লাগাতার ধর্মঘট শুরু করে। একদিন ধর্মঘট পালনের পরই প্রশাসনের আশ্বাসে তারা ৫ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করে। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় গত ৬ নভেম্বর থেকে ফের ধর্মঘট শুরুর কথা থাকলেও জামাতের হরতালে তা পিছিয়ে দেয়া হয়।
এদিকে, ধর্মঘটের মধ্যে সিএনজি চালিত অটোরিকসা চালানোর ঘোষণা দিয়েছে সিলেট জেলা অটোরিকসা শ্রমিক ইউনিয়ন। গত রোববার সভা করে অটোরিকসা শ্রমিক ইউনিয়ন এ ঘোষণা দেয়।