যশোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কালেক্টরেটের পাশে নার্সারি পট্টিতে এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন: শহরের বারান্দীপাড়ার হারুন মিস্ত্রির ছেলে হাফিজুর রহমান (২৮) এবং শহরতলী বাহাদুরপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে মিজানুর রহমান (২৭)। তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ভোর রাতে নার্সারি পট্টিতে ৪/৫জন ছিনতাইকারি অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় দুর্বৃত্তরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে ।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে মিজান ও হাফিজুর গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বোমা, একটি ছোরা, বেশ কিছু সিম কার্ডসহ ছিনতাইকৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে অবস্থান করছিল। কয়েক দিন আগে ওই স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুল্লাহ নামে এক কলেজ ছাত্র নিহত হন।