দিনাজপুরের উপশহর এলাকায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে অগ্নিকাণ্ডে হোটেল কর্মচারী পুড়ে মারা গেছেন। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে উপশহর এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে সুলতান নামে একটি খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই ওই আগুন আশেপাশের ৫টি দোকানে ছড়িয়ে পড়ে।
হোটেলের ভেতর ঘুমিয়ে থাকা কর্মচারী আইনুল হক (১৬) আগুনে পুড়ে যায়। রাতে ওই কর্মচারীকে ভিতরে রেখে হোটেল মালিক সুলতান বাইর থেকে তালা দিয়ে বাসায় চলে যান। এতে অগ্নিকাণ্ডের সময় তালাবদ্ধ হোটেল থেকে বেরুতে না পেরে সে আগুনে পুড়ে মারা যায়। নিহত আইনুল হক দিনাজপুর শহরের ৮নং রেলঘুন্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ওই হোটেল ছাড়াও ৩টি পানবিড়ির এবং একটি ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়।