ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ডাকাতের হামলায় রত্না আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে ডাকাতির এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর ছোট ভাই রুহুল আমিন (১৭) ও চাচাত ভাই ইয়াছিন মিয়া (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রত্না আক্তার বিজয়নগরের ইসলামপুর কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথ পরিবারভূক্ত রত্নার চাচা সৌদি আরবে থাকেন। পরিবারটি সম্পদশালী হওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাকাতদল তাদের বাড়িতে হানা দেয়। শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে ডাকাতেরা তাদের ঘরে ঢুকে সবাইকে কুপিয়ে নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যাবার সময় দা দিয়ে কলেজ ছাত্রী রত্মাসহ তার দুই ভাই রুহুল আমিন ও ইয়াছিনের মাথায় কোপ দেয়। পরে আহত তিন জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রত্নার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সাড়ে ৪টার দিকে মারা যায় সে।
সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক জানান, ভিকটিম উসমান মিয়ার কথা অনুসার পুলিশ তিন জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটক তিন জনের নাম জানা যায়নি। এঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।