শ্রমিক ও মালিক পক্ষের অসন্তোষের জের ধরে আজ রোববার সকাল থেকে পঞ্চগড় জেলায় পরিবহন অবরোধ চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাস মিনিবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের এক নেতাকে শনিবার রাতে মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় অসন্তোষের সৃষ্টি হয়। পরে বিষয়টির সুরাহা না হওয়ায় পরিবহণ শ্রমিকরা রোববার সকাল থেকে সকল প্রকার পরিবহনের অবরোধ করে রাখে। ফলে অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ রুট ও জেলার বাইরের কোনো রুটে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না।
এদিকে, পঞ্চগড়ের এ অবরোধের কারণে সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধের ফলে পঞ্চগড়-ঠাকুরগাঁও ও পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
উল্লেখ্য, শহরের বুশরা কাউন্টারের মালিক গুড় বাবু শহিদুল ইসলাম নামে এক পরিবহণ শ্রমিককে শনিবার রাতে মারপিট ও লাঞ্ছিত করা হয়। পরে শ্রমিকরা বুশরা কাউন্টারে গিয়ে হামলা চালায়। পরে এ ঘটনার সুরাহা না হওয়ায় শ্রমিকরা সকাল থেকে এ পরিবহন অবরোধ করে।