আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধভাবে গড়ে তোলা ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।
রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শাহীনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবুল কাশেম শাহীন জানান, র্দীঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জমিতে নূর হোসেন অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড গড়ে তোলে।
সেখানে ৫ শতাধিকের বেশি ট্রাক রাখা হতো। এ ট্রাকস্ট্যান্ডকে ঘিরে মাদক, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। নূর হোসেন পালিয়ে যাওয়ার পর ট্রাকস্ট্যান্ডটি প্রতিপক্ষরা দখলে নেয়। দুপুর ১২টার দিকে উচ্ছেদ অভিযানকালে দোকানপাট, খাবার হোটেল, শ্রমিক সংগঠনের কার্যালয়সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবারও এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।